আজকাল ওয়েবডেস্কঃ উচ্চমাধ্যমিকে সারা রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে বীরভূম তথা সিউড়ির নাম উজ্জ্বল করল শুভায়ন মন্ডল। সিউড়ির পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মোস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের এই মেধাবী ছাত্র ৫০০-র মধ্যে ৪৯৪ নম্বর পেয়ে অর্জন করেছে। শতকরা হার ৯৮.৮। শুভায়নের এই সাফল্যে খুশির আবহ গোটা জেলাজুড়ে।
শুভায়নের কথায়, "সাফল্যের মূল চাবিকাঠি ছিল নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস। স্কুলের পড়ার পাশাপাশি, প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা নিজেও পড়তাম।" বিজ্ঞান বিভাগের ছাত্র শুভায়নের স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।
তবে শুধু পড়াশোনা নয়, ক্রিকেট এবং গানবাজনা তাঁর জীবনের বড় অংশ। বিরাট কোহলির ভক্ত শুভায়ন অবসর সময়ে গিটার বাজাতে ভালোবাসে। আইপিএলে তার পছন্দের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুভায়নের বাবা একজন শিক্ষক এবং মা গৃহবধূ। ছেলের এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। শুভায়নের এই কৃতিত্ব আজ অসংখ্য পড়ুয়ার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে কৃতিদের সঙ্গে এ দিন ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম স্থানাধিকারী অরিত্র পালের বাবা মুখ্যমন্ত্রীকে রাজ্যে শিক্ষার হাল ফেরানোর আবেদনও জানান।