আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পূর্বতন সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল তার কোনওটাই বন্ধ করছে না বর্তমান সরকার।
এমনকী, চালু থাকছে তৃণমূলের জমানায় চালু হওয়া মা ক্যান্টিনও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে চালু হয়েছিল এই ক্যান্টিন। মাত্র পাঁচ টাকায় পেট ভরে ভাত,ডাল,ডিম পাওয়া যায় এখানে।
তবে নতুন বিজেপি সরকারের আমলে ডিম-ভাতের সঙ্গে যোগ হচ্ছে মাছও। বুধবারই এই খবর সামনে এসেছিল। বৃহস্পতিবার সকালে মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, ‘প্রকল্প চালু থাকছে। ডিম, ভাতও চালু থাকছে। তার মধ্যে মাছ আনা হবে। মানুষ খাবেন, পরিমাণও বাড়ানো হবে।’
খুব তাড়াতাড়ি হবে বলেই জানিয়েছেন দিলীপ। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীও সেটাই বলেছেন। আপাতত পাঁচ টাকাই দাম থাকবে। পরে প্রয়োজনে সামান্য বাড়ানো হতে পারে।’
এদিন অগ্নিকাণ্ডের ঘটনাতেও সরব হন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, 'কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারেবারে ঘটেছে। এতদিন টাকা পয়সা দিয়ে চলেছে। এখন আর সেগুলো হবে না। নতুনভাবে সবকিছু হচ্ছে। সময় থাকতে মেনে নিন। নাহলে পরে অসুবিধা আছে। আমাদের যেন বেশি কড়া হতে না হয়। নিজেরাই ব্যবস্থা নিন। নিজেরাই সরিয়ে ফেলুন। আপনার পেটের ভাত কেউ মারবে না। আইন মেনে চলুন। অবৈধ ভাবে কোনওকিছু করা যাবে না।'
শহরের চারিদিকে গজিয়ে ওঠা বেআইনি ব্যবসা নিয়েও এদিন সরব ছিলেন তিনি। তার মতে, 'তিলজলা, তপসিয়ায় কুটির শিল্পের মতো বেআইনি ব্যবসা গড়ে উঠেছে। সব জায়গায় বেআইনি কাজ চলছে। বিদ্যুতের সংযোগ অবৈধ। মগরাহাটে বিদ্যুৎ দপ্তর অবৈধ সংযোগ কাটতে গেছিল। তাদের ওপর আক্রমণ করা হয়েছিল। পুলিশ পালিয়ে এসেছিল। ব্যবসা করব। পয়সা কামাব। সরকারকে দেব না। এটা চলবে না। সরকারের সঙ্গে যুক্ত লোক অবৈধ কাজ করে। এসব আর চলবে না। সরকারের রেভিনিউ সরকার। অবৈধ গুণ্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে। এবার এগুলো বন্ধ করতে হবে। বালি পাথর কয়লা অবৈধ করবার বন্ধ হয়ে গেছে।'
রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারি প্রসঙ্গে দিলীপ ঘোষের সোজাসাপটা কথা। তিনি বলেন, 'সুজিত বসু, গর্গকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বাঘ সিংহকে এবার খাঁচায় ঢুকতে হবে। ক্ষমতার মোহে এসব করত। আর বরদাস্ত হবে না।'