উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। একটিয়াশালের বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁর পরিবার। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যে গর্বিত।
অত্যন্ত সাধারণ সাধারণ পরিবার থেকে উঠে এসেছে শ্রেয়সী। বাড়ির সামনেই রয়েছে তাঁর বাবার একটি ছোট মুদিখানা দোকান। মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা-মা সবসময় মেয়ের পাশে থেকেছেন। তাঁদের উৎসাহ, পরিশ্রম এবং ত্যাগের ফলেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন শ্রেয়সী।
ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্নও রয়েছে তাঁর চোখে। তাঁর এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব শ্রেয়সী তাঁর স্কুলের শিক্ষিকা-শিক্ষক, বাবা-মা এবং গৃহশিক্ষকদের দিয়েছেন। তাঁদের নিরন্তর সহযোগিতা ও অনুপ্রেরণাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রেয়সীর এই সাফল্য শুধুমাত্র তাঁর পরিবারের নয়, গোটা শিলিগুড়ির জন্যই এক গর্বের মুহূর্ত।