এবার ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
প্রতিদিন | ১৪ মে ২০২৬
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তৃতীয় দফা। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কমিশন। ১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ২৩ ডিসেম্বর। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা এই ১৬টি রাজ্য ও দাদরা এবং নগর হাভেলি ও দমন ও দিউ, দিল্লি, চণ্ডীগর এই ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলবে।
ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর এই চার পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত। এই রাজ্যগুলিতে খসড়া তালিকা প্রকাশিত হবে ৫ জুলাই। শুনানি প্রক্রিয়া চলবে ৫ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এই চার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৬ সেপ্টেম্বরে। উত্তরাখণ্ডে ৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। এই রাজ্যে খসড়া তালিকা প্রকাশিত হবে ১৪ জুলাই। তারপর শুনানি প্রক্রিয়া চলার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর।
দাদরা এবং নগর হাভেলি ও দমন ও দিউতে অর্থাৎ কেন্দ্রশাসিত এই অঞ্চলে ৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিএলও-রা বাড়ি বাড়ি যাবে। খসড়া তালিকা প্রকাশ হবে ১০ জুলাই। শুনানি চলবে ১০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। এই অঞ্চলে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বরে।
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা এই তিন রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি হবে ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। এই রাজ্যগুলিতে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২১ জুলাই। শুনানি প্রক্রিয়া চলার পর ২২ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এই রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগরে এসআইআর প্রক্রিয়া চলবে। তেলেঙ্গানা, পাঞ্জাবে ২৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। খসড়া তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১ অক্টোবর।
কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এই চার রাজ্যে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ৩০ জুন থেকে। ড্রাফ্ট রোল প্রকাশিত হবে ৫ আগস্টে। শুনানি প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ অক্টোবরে। এই চার রাজ্যের সঙ্গে দেশের রাজধানী দিল্লিতেও এই প্রক্রিয়া চলবে। নাগাল্যান্ডে বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করবেন ১৬ আগস্ট থেকে ১৪ সেম্পেম্বর পর্যন্ত।খসড়া তালিকা প্রকাশিত হবে ২০ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ২১ নভেম্বর।
বাংলার পাশের জেলা ত্রিপুরায় বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশ পাবে ২১ অক্টোবর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বরে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩ লক্ষ ৯৪ হাজার বিএলও কাজ করবেন। ৩৬.৭৩ কোটি ভোটারদের নিয়ে এসআইআর প্রক্রিয়া চলবে।