• নামী সোনার শোরুম দুঃসাহসিক ডাকাতি, ক্রেতা সেজে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট!
    প্রতিদিন | ১৪ মে ২০২৬
  • রানাঘাটের ধাঁচে মুর্শিদাবাদের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি! নদিয়ায় যে বিখ্যাত সোনার দোকানে অপারেশন চালানো হয় শামসেরগঞ্জেও সেই সংস্থার দোকানেই লুটপাট। বৃহস্পতিবার ভরদুপুরে সামশেরগঞ্জের রতনপুরে ক্রেতা সেজে দোকানে ঢোকে ৭-৮ দুষ্কৃতীর দল (মহিলাও ছিলেন)। কাউন্টার ও ডিসপ্লে কেস থেকে বিপুল পরিমাণ সোনার গয়না ব্যাগে ভরে চম্পট দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ ও দোকানের কর্মচারীদের সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ মহিলা-সহ কয়েকজন দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে বলে অভিযোগ। দোকানের নিরাপত্তারক্ষীর মাথায় বন্দুক ধরে তারা। চিৎকার করলে প্রাণে মারার হুমকি দিয়ে দোকান থেকে দুষ্কৃতীর দল প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পুলিশজেলার পদস্থ কর্তারাও।

    দোকানের নিরাপত্তারক্ষী ফাইজুদ্দিন শেখ বলেন, “মাথায় বন্দুক ঠেকিয়ে দোকানে লুট চালায়। ওরা ৭-৮ জন ছিল। দলে মহিলাও ছিল। ২০-২৫ মিনিটের মধ্যে ডাকাতি করে পালিয়ে যায়।” স্থানীয় বাসিন্দা সোহেল আহমেদ বলেন, “বাড়ি ফেরার পথে দেখি কিছু গন্ডগোল হয়েছে। ভিতরে গিয়ে জানতে পারি খুব অল্প সময়ে দোকানটিতে ডাকাতি হয়েছে। ভরদুপুরে এত বড় দোকানে ডাকাতিতে আমরা আতঙ্কে রয়েছি।”

    পুলিশ জানিয়েছে, গোটা এলাকা ঘিরে নাকা তল্লাশি শুরু হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ​প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ডাকাতি পরিকল্পিত। কত সোনা বা কত টাকার ডাকাতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)