চাকা ঘুরছে বনবন। সমানতালে চলছে পা দু’টিও। পরনে সাদা ধবধবে পাজামা-পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয় পরে প্যাডেল সাইকেল চালিয়ে তিনি চলেছেন বিধানসভার উদ্দেশে। আজ তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন যে। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে বিধানসভা চত্বরে এমনই ছবি ধরা পড়ল। যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন সকলে। তিনি হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল সকাল সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন বিধানসভায়।
বৃহস্পতিবার বিধানসভায় শপথগ্রহণের দ্বিতীয় দিন। এদিন ১৩৭ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। দ্বিতীয় দফার শপথেই নাম ছিল হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলির। সেই মতোই সকাল সকাল তিনি পৌঁছে যান বিধানসভায়। তাঁকে দেখে অবাক গোটা বিধানসভা চত্বর। পথচলতি মানুষও খানিক্ষণ দাঁড়িয়ে দেখেন বিধায়কের কীর্তি!
মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে জ্বালানির ভাণ্ডার সুরক্ষিত রাখতে সাশ্রয়ী বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। নিজের কনভয়ের ৫০ শতাংশ গাড়ি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি। সেই পথে হেঁটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ের গাড়ি কমিয়েছেন। জ্বালানি খরচ বাঁচাতে কনভয় এড়িয়ে বুধবার শপথগ্রহণের প্রথমদিনে এমএলএ হস্টেল থেকে বাসে চেপে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার গাড়ি, বাস কিছুই নয়। দু’চাকার ভরসায় হলদিয়ার বিধায়ক পৌঁছলেন বিধানসভায়। ওয়াকিবহাল মহলের মতে, শুধু বার্তা দিয়ে খান্ত থাকলে হবে না, তা যে বাস্তবেও কার্যকর করতে হবে। তারই বার্তা দিতে যথাযথ পথ দেখাচ্ছেন খোদ নেতারাই।