• উচ্চ মাধ্যমিকের কৃতীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর!
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে  বৃহস্পতিবার সকালে। সাড়ে ১০টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার। এ বার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় রয়েছেন মোট ৬৪ জন। এর মধ্যে ছাত্র ৫৬ জন। ছাত্রী ৮ জন। ফল ঘোষণার পরেই কৃতিদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। পঞ্চম স্থানাধিকারী এবং রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম মেঘা মজুমদার শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী। এই দুই কৃতীকে এ দিন ভিডিও কলে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদৃতকে বলেন, "তোমার এই ফলে পশ্চিমবঙ্গের সকল মানুষ গর্বিত। তোমার আরও ভাল হোক। আরও উন্নতি কর। আমার অনেক শুভেচ্ছা রইল।" মুখ্যমন্ত্রী কথা বলেন আদৃতের বাবা-মায়ের সঙ্গেও। অভিবাদন জানান তাঁদেরও।  বলেন, "আর কিছুদিনের মধ্যেই আপনার ছেলেকে সচিবালয়ে ডেকে সংবর্ধনা দেব।" কথোপকথনে রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নতির আশাও করেন আদৃতের বাবা। 

    অন্যদিকে, মেয়েদের মধ্যে প্রথম মেঘা মজুমদারকেও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী। মেঘার বাবা-মা কে বলেন, "আপনাদের মেয়ের ফল পশ্চিমবঙ্গবাসীদের গর্বিত করেছে। আপনারা সুকন্যা তৈরি করেছেন।" 

    নিজের ফেসবুকেও সেই ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভেন্দু। লিখেছেন, "ওদের এই অসামান্য সাফল্যে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার মাধ্যমে ওরা সমগ্র রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।

     
  • Link to this news (আজকাল)