আজকাল ওয়েবডেস্ক: চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বৃহস্পতিবার ইমামবাড়া সদর হাসপাতাল পরিদর্শনে যান। এদিন তিনি হাসপাতালের সুপার ডাক্তার অমিতাভ মন্ডল সহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলীয় প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
সেখানে হাসপাতাল পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, চিকিৎসকের অভাব, অ্যাম্বুলেন্স ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ রোগীদের সুবিধা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান বিধায়ক।
বিধায়ক সুবীর নাগ বলেন, "ইমামবাড়া সদর হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন।" তাই স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়ন, উন্নত পরিকাঠামো এবং চিকিৎসকদের সুবিধার্থে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
তিনি আরও জানান, আগামী দিনে হাসপাতালের নিউরো বিভাগ চালু করা, আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপরও জোর দেন তিনি।
বিধায়ক বলেন, “কোনও চিকিৎসক কখনও রোগীর মৃত্যুর কারণ হতে পারেন না। তাই সকলকে ধৈর্য ধরে চিকিৎসকদের সহযোগিতা করার মানসিকতা রাখতে হবে।”
এদিন তিনি জানান, আগামী দিনে সাংসদের তহবিল থেকে হাসপাতালের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলিও বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হবে। পাশাপাশি হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকানে যাতে রোগীরা সঠিকভাবে ওষুধ পান, সেই বিষয়েও নজরদারির বার্তা দেন তিনি।
অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন বিজেপি বিধায়ক তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে একটি নির্দিষ্ট ও ন্যায্য ভাড়ার কাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নত পরিষেবাযুক্ত নতুন অ্যাম্বুলেন্স আনার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে বিধায়ক তহবিল থেকেও সহায়তা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে হাসপাতালের সুপার ডাঃ অমিতাভ চক্রবর্তী বলেন, “বিধায়কের কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। তিনি অত্যন্ত ইতিবাচকভাবে সব বিষয় শুনেছেন।” তিনি আরও জানান, অ্যাম্বুলেন্স পরিষেবায় স্বচ্ছ ও নির্দিষ্ট ভাড়ার উদ্যোগকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে।
সবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং বিধায়কের মধ্যে আগামী দিনে একসঙ্গে কাজ করে সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়।