আজকাল ওয়েবডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
এদিন সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনজীবীদের পোশাকে দেখা যায় আদালতে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সওয়াল করা নিয়ে এবার নড়েচড়ে বসল বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
এক নির্দেশিকা পাঠিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত তথ্য তলব করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বার কাউন্সিলের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীদের পোশাক পরে হাজির হন মমতা ব্যানার্জি।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবী হিসেবে রেজিস্ট্রেশনের বর্তমান অবস্থা, প্র্যাকটিসের অধিকার এবং অতীতে তাঁর সওয়াল করা নিয়ে কোনও স্থগিতাদেশ ছিল কি না, তা যাচাই করতেই এদিন নির্দেশিকা পাঠায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি।
সাংবিধানিক পদে থাকার সময় তিনি আইনজীবীর পেশা থেকে স্বেচ্ছায় বিরতি নিয়েছিলেন কি না, সেই সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে আগামী ১৬ মে-র মধ্যে একাধিক তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নথির তালিকার মধ্যে রয়েছে, মমতা ব্যানার্জির এনরোলমেন্ট নম্বর, কবে তিনি আইনজীবী হিসেবে নথিভুক্ত হন, বর্তমানে তাঁর নাম স্টেট রোলে রয়েছে কি না, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্র্যাকটিস স্থগিত রাখার কোনও আবেদন করেছিলেন কি না, পরে পুনরায় প্র্যাকটিস শুরুর জন্য কোনও আবেদন জমা দিয়েছিলেন কি না, এবং তাঁর সার্টিফিকেট অফ প্র্যাকটিস বর্তমানে সক্রিয় নাকি স্থগিত।
এছাড়াও, বার কাউন্সিলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত তথ্য সরকারি নথির ভিত্তিতে জমা দিতে হবে। স্টেট রোল, এনরোলমেন্ট রেজিস্টার, প্র্যাকটিস সংক্রান্ত নথি, ইনওয়ার্ড রেজিস্টার, ফাইল নোটিং ও সংশ্লিষ্ট সমস্ত সরকারি রেকর্ডের কপি জমা দিতে বলা হয়েছে।
বার কাউন্সিল আরও স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ে সমস্ত মূল নথি যে অবস্থায় রয়েছে সেভাবেই রাখতে হবে। কোনও ধরনের সংশোধন, ওভাররাইটিং, পরিবর্তন যেন কোনওভাবেই সেই চিঠির ওপর না করা হয়। আর যদি করাও হয় সেক্ষেত্রে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে অবহিত করতে হবে আগে থেকে।