• মুর্শিদাবাদের ডাকাতিতে আতঙ্কে কাঁপছে গোটা এলাকা
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভরদুপুরে সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল ডাকাতি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার রতনপুর এলাকার বিখ্যাত সোনার দোকানে হানা দেয় ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল। গ্রাহক সেজে ঢুকে পিস্তল উঁচিয়ে ২০-২৫ মিনিট ধরে চলল তাণ্ডব। তারপর বাইকে চেপে ঝাড়খণ্ডের পাকুড়ের দিকে উধাও হয়ে যায় তারা।' দিনেদুপুরে এমন দুঃসাহসিক লুটপাটে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, সোনা, রুপো, হীরে, দামি অলঙ্কার এবং অন্যান্য জিনিস মিলিয়ে প্রায় কোটি টাকার বেশি মূল্যের জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। 

    দোকানে এক নিরাপত্তাকর্মী ফাহিমুদ্দিন শেখ বলেন, 'দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় ৭-৮ জন ছিল। দলে একজন মহিলাও ছিল। এদের প্রত্যেকের হাতেই ছিল পিস্তল। দুপুর আড়াইটে নাগাদ আমি  খাবার খেতে বসেছিলাম। তখনই এরা গ্রাহক সেজে দোকানের ভেতরে ঢোকে এবং বন্দুক দেখিয়ে দোকানের বাকি গ্রাহক এবং কর্মচারীদের  এক জায়গায় জড়ো করে ফেলে।' ফাহিমুদ্দিন আরও বলেন, 'তারপর আমাকে ওরা মারধরও করেছে এবং প্রাণের মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে দোকানে সমস্ত গয়না লুট করে।' দুঃসাহসিক এই ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করতে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে নাকা তল্লাশি।পুলিশ জানিয়েছে, লুঠ হওয়া গয়নার আনুমানিক মূল্য যাচাই করা হচ্ছে। আন্তঃরাজ্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার পিছনে পেশাদার ডাকাত দলের হাত আছে । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

    তবে দিনেদুপুরে জনবহুল এলাকায় অবস্থিত এই বিখ্যাত সোনার দোকানে ডাকাতি হওয়ায় এলাকার ব্যবসায়ী এবং সাধারণ  মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন । সঈদ আহমেদ নামে এক এলাকাবাসী জানিয়েছেন, 'স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দেখি এই বিখ্যাত সোনার দোকানের সামনে অনেক লোক জড়ো হয়ে রয়েছেন। ভিতরে ঢুকে জানতে পারি, এখানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। প্রায় কুড়ি -পঁচিশ মিনিট ধরে ৭-৮ জনের একটি ডাকাত দল দোকানের ভেতর ঢুকে তান্ডব চালিয়েছে।  জনবহুল এলাকায় দিনেদুপুরে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কোথায় নিরাপদ?' এমনকী পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন অনেকেই ।

     
  • Link to this news (আজকাল)