মমতার সওয়াল করা মামলায় পুলিশকে বড় নির্দেশ কোর্টের!
আজকাল | ১৫ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার সওয়াল করতে হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জি। সেই মামলাতেই এদিন অভিযোগের ভিত্তিতে পদক্ষেপের বিষয়টি রাজ্যের ওপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ভোটের অশান্তির জন্য দলমত নির্বিশেষে কেউ ঘর, দোকান, বা সম্পত্তি ছাড়া হলে, পুলিশ প্রশাসন আইন মেনে তাদের ফেরাতে পদক্ষেপ করবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নেবে।’
এদিন সকালে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হন তিনি। প্রধান বিচারপতি সুজয় পালের সামনে হাত জোড় করে মমতা আর্জি জানান, 'আপনারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন।' সেই মামলাতেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টে এদিন দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। আইনজীবী রীতঙ্কর দাস একটি মামলা দায়ের করেন। অন্যদিকে, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে মামলা করেন। এই দুটি মামলা একসঙ্গে শোনা হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে।
সেই মামলাতেই আগামী ৩ সপ্তাহের মধ্যে অশান্তির অভিযোগের প্রত্যুত্তর দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। তার পরের ২ সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্যের পাল্টা বক্তব্য জানাবে জনস্বার্থ মামলাকারীরা। বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হবে কি না, তা এই জনস্বার্থ মামলার বিবেচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, তৃণমূলের অভিযোগের সঙ্গে একমত হয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি বলেন, “মমতা ব্য়ানার্জি নিজে এই মামলায় সওয়াল করেছেন। মহামান্য় বিচারপতিরাও তাঁর সঙ্গে একমত হয়েছেন। ভোটের ফল ঘোষণার পরে যেভাবে তৃণমূলকর্মীদের খুন করা হচ্ছে, তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, লুঠ করা হচ্ছে, সেগুলো কড়া হাতে পুলিশকে মোকাবিলা করতে হবে।”