আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগে দিনহাটা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তরা হলেন মাজিনুর রহমান এবং আলি হুসেন। দু’জনেই সামাজিক মাধ্যমে সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ওই দুই যুবক। অভিযোগ, সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করা হয় এবং কটূক্তি করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে প্রশাসনের। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ।
পুলিশ দ্রুত অভিযানে নেমে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ভিডিওটি তৈরির উদ্দেশ্য এবং এর পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় কড়া বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সামাজিক মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান করা বা অশালীন ভাষা ব্যবহার করার অধিকার কারও নেই। বিশেষ করে কোনও ব্যক্তি, জনপ্রতিনিধি বা ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক বা উত্তেজনাপূর্ণ পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে এমন কোনও পোস্ট করা যাবে না, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে বা সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক নিয়মিত ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি নির্দিষ্ট ফলোয়ার্সও রয়েছে। এই ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাংশের মতে, সামাজিক মাধ্যমে শালীনতা বজায় রাখা জরুরি। আবার অন্য অংশের দাবি, মতপ্রকাশের স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে, তা নিয়েও আলোচনার প্রয়োজন রয়েছে।
ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রশাসনের বক্তব্য, সামাজিক মাধ্যমে আইন ভাঙলে কোনওভাবেই রেয়াত করা হবে না।