ইউপি-তে ২ ডজন জেসিবির অর্ডার! কড়া হুঁশিয়ারি সাংসদের
আজকাল | ১৫ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নিজে থেকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন, না হলে প্রশাসন ব্যবস্থা নেবে। মহকুমা শাসকের দপ্তরে পুলিশ কমিশনার ও জেলা শাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে কড়া হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষায় মাদক ও অবৈধ কার্যকলাপ রুখতেও আলোচনা হয়েছে এই বৈঠকে।
বৃহস্পতিবার মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "উত্তরপ্রদেশ থেকে দু'ডজন জেসিবির অর্ডার দিয়েছি। মোট ২৪টি জেসিবি আসছে। এরপর শহরের যত অবৈধ নির্মাণ রয়েছে, সবকিছুর উপরই ধারাবাহিকভাবে জেসিবি চলবে।"
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ জানান, ইতিমধ্যেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজও চলছে। যারা বেআইনি নির্মাণ করেছেন, তাঁদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “নিজেরা ভেঙে ফেলুন, না হলে প্রশাসন ব্যবস্থা নেবে।”
এদিন শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, দার্জিলিংয়ের জেলা শাসক হরিশঙ্কর পানিকর, দার্জিলিং জেলা পুলিশ সুপার, শিলিগুড়ি মেট্রোপলিটনের ডিসিপি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে সাংসদ জানান, শহরে যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত, তাদের তালিকা তাঁর কাছে রয়েছে। শিলিগুড়িকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের কাছ থেকে গুন্ডা ট্যাক্স আদায়, অবৈধ টোল প্লাজা, বেআইনি মদের দোকান, পাব ও বারগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার কথা বলেন তিনি।
সাংসদ আরও বলেন, “এটি পরিবর্তনের সরকার। এই সরকারের আমলে কোনও রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” এদিনের বৈঠকে সাংসদ রাজু বিস্তার সঙ্গে উপস্থিত ছিলেন