• রবিরার এই দুই স্টেশনের মাঝে সারাদিন বন্ধ মেট্রো
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার ব্লু লাইনের একাংশে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজ হবে। পাশাপাশি, কাজ চলবে শহিদ ক্ষুদিরাম স্টেশনেও।

    এর জন্য ১৭ মে অর্থাৎ রবিবার শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

    মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল সুবিধা চালুর কাজের জন্যই এই ট্র্যাফিক ব্লক প্রয়োজন। এর জেরে রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো পরিষেবা চলবে না।

    তবে ওই দিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মে সোমবার থেকে আবার সম্পূর্ণ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে।

    অন্যদিকে, আগামী ১৫ মে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হতে চলেছে। অরেঞ্জ লাইনের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।

    দুই দফায় মোট ১২০ ঘণ্টা বাইপাসের কিছু অংশে যান চলাচল বন্ধ থাকবে। কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা জানিয়েছে কলকাতা পুলিশ।
  • Link to this news (আজকাল)