ইডির হাতে গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তদন্ত
দৈনিক স্টেটসম্যান | ১৫ মে ২০২৬
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।
সকালে প্রায় ১১টা ৫ মিনিট নাগাদ দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে পৌঁছন শান্তনু সিনহা বিশ্বাস। এর আগে তাঁর বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ জারি করা হয়েছিল। সেই নির্দেশের পরেই তিনি তদন্তকারী সংস্থার সামনে হাজির হন।
ইডি সূত্রে খবর, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, কুখ্যাত দুষ্কৃতী ‘সোনা পাপ্পু’-কে কেন্দ্র করে গড়ে ওঠা তোলাবাজি চক্রের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে। পাশাপাশি বালি পাচার এবং আরও কয়েকটি আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাতেও তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন আর্থিক লেনদেন এবং প্রভাব খাটিয়ে বেআইনি কার্যকলাপের অভিযোগ সামনে আসছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে শুরু করে। তদন্তকারীরা ইতিমধ্যেই একাধিক নথি এবং আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে কেন্দ্রীয় সংস্থার গ্রেপ্তার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে ইঙ্গিত, আগামী দিনে আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। একইসঙ্গে আর্থিক লেনদেনের নথি এবং যোগাযোগের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।