• বিদেশিদের মধ্যে ভারতে অপরাধের শীর্ষে বাংলাদেশিরাই! একবছরে দেশজুড়ে গ্রেপ্তার ৩০৯১
    প্রতিদিন | ১৫ মে ২০২৬
  • ভোটপ্রচারে বাংলায় অনুপ্রবেশ নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। জিতে সরকার গঠন করার পরেও অনুপ্রবেশ নিয়ে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। এর মধ্যেই সামনে এসেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) চাঞ্চল্যকর রিপোর্ট। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে গোটা দেশে বাংলাদেশের মোট ৩০৯১ জন বাসিন্দাকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রয়েছে নাইজেরিয়ার ৫০৯ জন, নেপালের ৪৭৬ জন এবং মায়ানমারের ২৪৫ জন নাগরিক।

    এনসিআরবি-র তথ্য বলছে, বাংলাদেশিদের অধিকাংশের বিরুদ্ধেই এ দেশে অভিবাসন নীতি ভাঙার অভিযোগ রয়েছে। ২০২৪ সালে দেশে মোট ৪,৭৯৪ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছিলেন ৯৪৪ জন মহিলা ও ১১ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। গ্রেপ্তার হওয়া বিভিন্ন দেশের নাগরিকরা মোট ২৫৪৪টি অপরাধ সংঘটিত করেছেন। এর মধ্যে ৯৯২টি ঘটেছে পশ্চিমবঙ্গে। বাংলার পরে রয়েছে মহারাষ্ট্র (৩৮৬)। কেন্দ্রীয় সংস্থার তথ্য বলছে, পশ্চিমবঙ্গে ২০২৪ সালে যে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মধ্যে ৯৭৬ জনের বিরুদ্ধে অভিবাসন আইন ও পাসপোর্ট আইন ভাঙার অভিযোগ রয়েছে। মাদক পাচারের দায়ে রাজ্যে ধরা পড়েন ৬ জন বাংলাদেশি নাগরিক।

    অন্যদিকে, গোটা দেশে অভিবাসন আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৬৭৬ জন বাংলাদেশি। গোটা দেশে আরও ২০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ডাকাতি ও জালিয়াতির অভিযোগে। বেআইনি অস্ত্র রাখার অবিযোগ ১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার হয়েছে। এছা়ড়াও নাইজেরিয় নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৫০৯টি মামলার মধ্যে সবচেয়ে বেশি ২৫৯টি মামলা হয়েছে এনডিপিএস আইনে। ফরেনার্স অ্যাক্ট ও রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্টে দায়ের হয়েছে ১৩৬টি মামলা। নেপালি নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭৬টি মামলার মধ্যে সবচেয়ে বেশি ১২৯টি মামলা হয়েছে এনডিপিএস আইনে। এছাড়া অন্যান্য বিশেষ ও স্থানীয় আইনে ১১২টি এবং চুরির অভিযোগে ৯০টি মামলা হয়েছে। উল্লেখ্য, এনসিআরবির রিপোর্টে প্রকাশ্যে আসতেই রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বলছে, এই কারণেই দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে গেরুয়া শিবির।
  • Link to this news (প্রতিদিন)