• টানা সাড়ে ১০ ঘণ্টা জেরা, অসহযোগিতার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস
    প্রতিদিন | ১৫ মে ২০২৬
  • কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার। সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করল ইডি। সাড়ে ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে ডিসিপি শান্তনুকে। সূত্রের খবর, ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। তদন্তে টানা অসহযোগিতার অভিযোগেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    এর আগে একাধিকবার তাঁকে তলব করে ইডি। জারি করা হয় লুক আউট নোটিসও। অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি ডিরেক্টর সিকিওরিটি কন্ট্রোলে ছিলেন। প্রতারণা সংক্রান্ত মামলায় সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তাঁর যোগসূত্র পেতেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, একের পর এক প্রশ্নের উত্তর এড়িয়ে যান শান্তনু। সূত্রের খবর, ইডির হাতে আসা একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রসঙ্গও উঠে আসে ইডির জিজ্ঞাসাবাদে। টানা অসহযোগিতার অভিযাগেই অবশেষে ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস।

    এক সময়ে কালীঘাটের দায়িত্বে থাকা এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ডিসিপি শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, সোনা পাপ্পুর বিরুদ্ধে যে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাঁর সঙ্গে ডিসিপি যুক্ত রয়েছেন। সোনা পাপ্পুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাতেও তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিলেন শান্তনু। এছাড়াও বালি পাচার সংক্রান্ত মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে। 

    উল্লেখ্য, ভোটের মুখে ডিসিপি শান্তনুর বাড়িতে বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে অভিযান চালান আধিকারীকরা। রাত ২টো পর্যন্ত ডিসির বাড়িতে তল্লাশি চালে। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন ও মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি। তলব করা হয় শান্তনুকেও। কিন্তু কাজের অজুহাত দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই ডিসিপির বিরুদ্ধে লুক আউট নোটিস  জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে যান ডিসিপি শান্তনু। আজই দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি।
  • Link to this news (প্রতিদিন)