• কাটল জট, কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পারিবারিক টানাপোড়েনে জিতে গেলেন বোন। দাদা রাহুল গান্ধী নন। প্রিয়াঙ্কার পছন্দের ভিডি সতীশনকেই কেরলের মুখ্যমন্ত্রী করছে কংগ্রেস। বলা ভালো, করতে বাধ্য হল। কেন? দু’টি কারণে। প্রথমটি অবশ্যই রাজনৈতিক চাপ। অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হলে যদি সতীশন বিদ্রোহ করে বসেন! বিষয়টি ভাবাচ্ছিল কংগ্রেস হাইকমান্ডকে। দ্বিতীয়ত, সাংসদ কে সি বেণুগোপালকে মুখ্যমন্ত্রী করলে দু’টি উপনির্বাচনের মুখোমুখি হবে কংগ্রেসকে। 

    তাই আর ঝুঁকি না নিয়ে সতীশনকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করল এআইসিসি। বৃহস্পতিবার দলের সদর দপ্তর ২৪ আকবর রোডে মুখ্যমন্ত্রী হিসাবে সতীশনের নাম ঘোষণা করলেন কেরল কংগ্রেসের ইনচার্জ দীপা দাশমুন্সি। চাপে পড়ে সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বেণুগোপালও। ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী ঠিক করে উঠতে পারছিল না কংগ্রেস। কারণ, বিধায়কদের মধ্যে ৩৪ জন কে বেণুগোপালপন্থী। বেণুগোপাল নিজেও রাহুলের কাছে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্যদিকে, গত পাঁচ বছর কেরল বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে ভিডি সতীশন কংগ্রেসের পক্ষে জনমত তৈরি করেছেন। ওয়েনাড়েপ্রিয়াঙ্কা গান্ধীর জয় নিশ্চিত করতে জমিও তৈরি করেছেন তিনি। তাই গোড়া থেকে প্রিয়াঙ্কার পছন্দ সতীশনকে। দলের পুরানো বিশ্বস্ত নেতা রমেশ চেন্নিথালার নামও সামনে আসে। কিন্তু তাঁর পক্ষে ছিলেন শুধু সোনিয়া গান্ধী। ফলে কেরল ইস্যুতে গান্ধী পরিবারে অন্দরে শুরু হয় টানাপোড়েন। চেন্নিথালাকে স্পিকার করা হতে পারে বলে খবর। 

    এআইসিসির বিশ্বস্ত সূত্রে খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও হাল ছেড়ে দিয়েছিলেন। প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে দেখা করে সতীশনের নামে সিলমোহর দিতে অনুরোধ করায় খাড়্গে তাঁকে হাসতে হাসতে জানিয়ে দেন, ‘আপনারা ভাই-বোন লড়ে নিন।’ বিধায়কদের একাংশের পাশাপাশি কেরল প্রদেশ কংগ্রেসের সিংহভাগ সতীশনকেই মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন। তাই আর বিতর্ক না বাড়িয়ে প্রিয়াঙ্কার পছন্দ সতীশনকেই বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। এর ফলে হাত শিবিরে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্ব যে ক্রমশ মজবুত হচ্ছে, তা স্পষ্ট।
  • Link to this news (বর্তমান)