নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত আরও দুই, ১৪টি জায়গায় হানা সিবিআইয়ের
বর্তমান | ১৫ মে ২০২৬
জয়পুর: ডাক্তারি প্রবেশিকায় প্রশ্নফাঁস কাণ্ডে আরও ২ জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের নাম সঞ্জয় লোখান্ডে ও মণীষা ওয়াঘমারে। এই নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো আরও জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টা প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে অন্তত ১৪টি জায়গায় হানা দেওয়া হয়েছে। বুধবার ধৃত পাঁচজনকে আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে বেরনোর সময় ধৃত জয়পুরের বিজেপি নেতার আত্মীয় বলে ওঠেন, ‘রাঘব বোয়ালদের আড়াল করতেই আমাদের ফাঁসানো হচ্ছে!’ সিবিআই সূত্রে খবর, ১০ লক্ষ টাকা দিয়ে পেপার কিনে ১৫ৱ লক্ষে বিক্রির অভিযোগে নাসিকের আয়ুর্বেদিক ডাক্তারি পড়ুয়া শুভম খেরনারকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জেরা করেই ওমকার সিংগোটে নামের আরও এক আয়ুর্বেদিক চিকিৎসকের খোঁজ মেলে। ওমকারের কাছ থেকেই ধনঞ্জয় ও মণীষার তথ্য পান তদন্তকারীরা। প্রাথমিকভাবে সিবিআইয়ের অনুরোধে ওমকারের বন্ধু ধনঞ্জয় লোখান্ডে ও বিউটিশিয়ান মণীষা ওয়াঘমারেকে আটক করে পুনে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে সিবিআই। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত ও পড়ুয়াদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন ওয়াঘমারে। তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার নিট প্রশ্নফাঁস মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁদের মধ্যে অন্যতম রাজস্থানের বিজেপি নেতা দীনেশ বিওয়াল। দীনেশের ভাই মঙ্গিলাল ও বিকাশ বিলওয়াল নামের আরেকজনকে জয়পুর থেকে গ্রেপ্তার করা হয়। এদিন তাঁদের মধ্যেই একজন রাঘব বোয়ালদের আড়াল করার চেষ্টার অভিযোগ তুলেছেন। তাঁদের আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে বের হওয়ার সময় গাড়ির ভিতর থেকে এক ধৃত বলেন, ‘বড়ো মাথাদের বাঁচানো হচ্ছে।’