• নিট বাতিলের অবসাদের জেরেই আত্মঘাতী পড়ুয়া! দাবি পরিবারের
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নয়াদিল্লি: প্রশ্নফাঁসের জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে ২০২৬ সালের নিট-ইউজি। অনিশ্চয়তার মুখে ২২ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। নিয়ামক সংস্থা এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলেও হতাশায় ভেঙে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতেই উত্তরপ্রদেশের গঙ্গোত্রীনগরের এক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিবারের দাবি, নিট-ইউজি বাতিলের অবসাদেই আত্মঘাতী হয়েছেন তঁদের ছেলে ঋত্বিক মিশ্রা। এই পরিস্থিতিতে প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলকে তুচ্ছ ঘটনা বলে বিতর্ক বাড়িয়েছেন রাজ্যস্থানের এক মন্ত্রী। বৃহস্পতিবার ঘর থেকে ঋত্বিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে পরিবারের দাবি, নিট পরীক্ষা বাতিলের জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋত্বিক। তাঁর বাবা অনুপ মিশ্রা জানিয়েছেন, এই নিয়ে তিন বার নিট পরীক্ষায় বসেছিল ছেলে। এবার সাফল্যের ব্যাপারে ও আশাবাদী ছিল। কিন্তু পরীক্ষা বাতিল হতেই অবসাদ গ্রাস করেছিল তাঁকে। তার জেরেই এই ঘটনা। গোয়াতেও এক পড়ুয়ার আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার পরীক্ষা বাতিলের কয়েকঘণ্টার মধ্যেই নেসাইয়ের বাসিন্দা সাও হোসে দে আরিয়াল নামে ওই পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। হোসের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)