• বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! মাথায় হাত সাধারণের
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নয়াদিল্লি, ১৫ মে: প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পর থেকেই চলছিল জল্পনা। এবার তারই বাস্তবতা। দেশের চারটি মহানগরে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ শুক্রবার থেকেই লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধি করল কেন্দ্র।

    দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ফের সেই বার্তাই শোনান তিনি। আর ২৪ ঘণ্টা না কাটতেই বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে এতদিন লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। নতুন দামে তা বেড়ে দাঁড়াল ৯৭ টাকা ৭৭ পয়সায়। একই সঙ্গে ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে এক লিটার ডিজেলের জন্য খরচ হত ৮৭ টাকা ৬৭ পয়সা, এখন সেই দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৬৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা। মুম্বইয়ে সেই দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং চেন্নাইয়ে ১০৩ টাকা ৬৭ পয়সা।

    ডিজেলের ক্ষেত্রেও একই ছবি। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা। মুম্বইয়ে নতুন দাম ৯৩ টাকা ১৪ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫ টাকা ২৫ পয়সা। জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ার পাশাপাশি বাজারদরেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু পেট্রোল ডিজেল না। বাড়ল সিএনজির দামও। রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার পর্যন্ত কেজি প্রতি সিএনজির দাম ছিল ৮৫ টাকা। নতুন দামে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ টাকায়।

    পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হতেই জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণা, আর তা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। আর এই সবকিছুর নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত। ইরান-ইজরায়েল সংঘাত শুরুর পর্বেই সংসদ চত্বরে দাঁড়িয়ে গত ৯ মার্চ রাহুল গান্ধী বলেছিলেন, 'সংকট আসছে। প্রধানমন্ত্রীর উচিত এখনই ব্যবস্থা নেওয়া'। প্রথমে এই বার্তাকে গায়ে না মাখলেও সংকট পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে সঞ্চয়ের ডাক দিয়েছিলেন। তার কিছু দিন না যেতেই বাড়ল জ্বালানির দাম।   
  • Link to this news (বর্তমান)