• অনলাইন জুয়ায় প্রচুর দেনা, শিলিগুড়ির হোটেলে এসে আত্মঘাতী সিকিমের যুবক
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অনলাইন জুয়া ও বেটিং চক্রের ফাঁদে পড়ে কয়েক লক্ষ টাকা দেনা করেছিলেন এক যুবক। সিকিমের বাড়িতে পাওনাদারদের চাপে থাকতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত শিলিগুড়ির জংশন এলাকার একটি হোটেলে বিষপান করে আত্মহত্যা করলেন তিনি। বুধবার রাতে হোটেল থেকে তাঁর দেহ ও সুইসাইড নোট দেখে প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, মৃতের নাম টিকারাম শংকর (২৯)। তাঁর বাড়ি পশ্চিম সিকিমে। গত ১১ মে বিকেলে জংশন এলাকার একটি হোটেলে আসেন তিনি। সেখানে ১২ মে তাঁকে দেখা গেলেও পরেরদিন সকাল থেকে খোঁজখবর মিলছিল না। বিকেলের দিকে হোটেলের কর্মীরা তাঁর ঘরের দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় প্রধাননগর থানায় খবর দেন হোটেল কর্মীরা। খবর পেয়ে দরজা ভেঙে বিছানার উপরে অস্বাভাবিক অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। তাঁর মুখ পুরো নীল হয়ে গিয়েছিল। ঘর থেকে একটি সুইসাইড নোট পান পুলিশের তদন্তকারীরা। সেখানে লেখা ছিল বেশ কয়েকজনের কাছ থেকে মোটা টাকা ধার করে অনলাইন গেম ও ক্রিকেট বেটিংয়ে লাগিয়েছিলেন তিনি। সেই টাকা ডুবে গিয়েছে। পাওনাদাররা লাগাতার চাপ দিচ্ছিলেন বলে উপায় না দেখে আত্মহত্যার পথ তিনি বেছে নিচ্ছেন। কয়েকজনের কাছ থেকে দশ, দুই ও তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন যুবক।

    এদিকে, ঘটনার পর রাতেই পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। তাঁরা শিলিগুড়িতে পৌঁছন বৃহস্পতিবার সকালে। এদিন দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধাননগর থানার এক শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
  • Link to this news (বর্তমান)