• চাতক চোখে আকাশ দেখছে বাংলা, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস? তাপমাত্রা কমবে?
    এই সময় | ১৫ মে ২০২৬
  • ভ্যাপসা গরমে নাজেহাল দশা। সকাল থেকেই চড়া রোদ। প্রবল অস্বস্তি। বেলা যত গড়াচ্ছে, হাঁসফাঁস দশা যেন তত বাড়ছে। চাতক পাখির মতো এক পশলা বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মানুষ। এর মধ্যেই সুখবর মিলল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

    দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে গরমের প্রভাব বেশি থাকবে।

    উত্তরবঙ্গের ছবিটা পুরো উল্টো। প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দু’-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং থেকে মালদা— উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    তবে তাপমাত্রার খুব একটা হেরফের হচ্ছে না। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকার কারণে হাঁসফাঁস দশাও কাটবে না। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

    সপ্তাহান্তেও আবহাওয়া বদলের খুব একটা সম্ভাবনা নেই। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবারও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটার সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)