• শুক্র থেকে শুরু চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ, কত দিন যান নিয়ন্ত্রণ? কবে চালু হবে এয়ারপোর্ট-নিউ গড়িয়া করিডর?
    এই সময় | ১৫ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেই মতো ছাড়পত্রও মিলিছে। অবশেষে ১৫ মে, শুক্রবার থেকে শুরু হচ্ছে কাজ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ দিন রাত ৮টা থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে পুজো কিংবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।

    নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের কাজ দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। ৩১৬ বর্গমিটার অংশের কাজ নিয়েই যাবতীয় ঝামেলা। এই অংশ ই এম বাইপাসে চিংড়িঘাটা মোড়ের কাছে। এখানে সম্প্রসারণের কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে বলে দাবি মেট্রোরেল কর্তৃপক্ষের। পূর্বতন রাজ্য সরকার সেই অনুমতি না দেওয়ায় এতদিন কাজ থমকে ছিল বলে অভিযোগ। পালাবদলের পরেই চিংড়িঘাটায় কাজ শুরুর ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।

    সেই অনুযায়ী, শুক্রবার থেকে কাজ শুরু হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দুই দফায় কাজ হবে। প্রথম দফায় শুক্রবার (১৫ এপ্রিল) থেকে কাজ চলবে সোমবার (১৮ এপ্রিল) পর্যন্ত। দ্বিতীয় দফার কাজ শুরু হবে পরের সপ্তাহের শুক্রবার (২২ মে)। ২৫ মে, অর্থাৎ সোমবার (২৫ মে) পর্যন্ত টানা কাজ হবে।

    মেট্রোর কাজের জন্য দুই দফায় শুক্র, শনি এবং রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইএম বাইপাসের উত্তর এবং দক্ষিণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকছে। সল্টলেক, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন যেতে অসুবিধা হবে না।

    সব ঠিকঠাক থাকলে পুজো কিংবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো চালু হয়ে যেতে পারে। গড়িয়া থেকে চিংড়িঘাটা হয়ে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। একই সঙ্গে চিংড়িঘাটা, সল্টলেক, নিউটাউন হয়ে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। এখন বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে। ফলে এই কাজ শেষ হলে, আশপাশের এলাকার মানুষের যোগাযোগও সহজ হবে। চিংড়িঘাটা ক্রসিংয়ের যানজট এড়িয়ে সরাসরি গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।

  • Link to this news (এই সময়)