• দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, ঝড়বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
    আজ তক | ১৫ মে ২০২৬
  • ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ভোর থেকেই অস্বস্তি চরমে। আর বেলা বাড়তেই কষ্ট আরও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অনেকেই জানতে চাইছেন দক্ষিণ বাংলায় ঝেঁপে বৃষ্টি নামবে কবে? তবে এই বিষয়ে ভাল খবর দিতে পারেনি হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। তবে সেই সঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হবে। যদিও দক্ষিণের ঠিক উল্টো খেলা চলছে উত্তরে। বাংলার এই অংশে ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট। 

    আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? 
    শুক্রবার দক্ষিণবঙ্গে বাড়বে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে দক্ষিণের কিছু কিছু জেলায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। 

    আগামিকাল কেমন থাকবে আবহওয়া? 
    শনিবারও মোটামুটি অস্বস্তি বজায় থাকবে। তবে এই দিনও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

    রবিবারের আপডেট
    সপ্তাহের শেষ দিন রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে তাতে অস্বস্তি কাটার সম্ভাবনা খুব কম। 

    কলকাতায় তেমন থাকবে আবহাওয়া?
    আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট 
    আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।  

    শনিবারও ভাল বৃষ্টি হবে উত্তরববঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর এমন আবহাওয়া রবিবার পর্যন্ত থাকবে। 

     
  • Link to this news (আজ তক)