• মাদকমুক্ত তামিলনাড়ুর স্বপ্ন! ২১ বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ করলেন বিজয়
    প্রতিদিন | ১৫ মে ২০২৬
  • নির্বাচনী প্রচারে বারবার বলেছিলেন, মাদকমুক্ত তামিলনাড়ু গড়বেন। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সেই প্রতিশ্রুতি পূরণে জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। তামিলনাড়ুর কুর্সিতে বসেই ঘোষণা করেছিলেন, সেখানকার মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে সব সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দিতে হবে। এবার তিনি ঘোষণা করলেন, ২১ বছরের কমবয়সিরা মদ কেনার অনুমতি পাবে না। মদের ক্রেতাদের বয়স যাচাই করতে হবে।

    রাজ্য সরকার পরিচালিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বিজয়ের প্রশাসন। বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে, ২১ বছর বয়সের নিচে মদ্যপান বেআইনি। তাই ২১ বছরের কমবয়সিদের মদ কেনার অনুমতি দেওয়া হবে না। মদ বিক্রেতা নির্দেশ দেওয়া হয়েছে, আধার কার্ড দেখে ক্রেতাদের বয়স এবং পরিচয় যাচাই করতে হবে। মদ্যপানে লাগাম টানতে আরও বেশ কিছু পদক্ষেপ করতে পারে বিজয়ের সরকার। তারমধ্যে অন্যতম হল মদের দোকানের সময় কমানো। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের আউটলেটগুলি বর্তমানে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। সেই সময়টা ২ ঘণ্টা কমিয়ে আনার কথা ভাবছে তামিলনাড়ু সরকার।

    উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বিজয় নির্দেশ দিয়েছেন, উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এই সরকারি নির্দেশ। তার ফলে অন্তত ৭১৭টি মদের দোকান বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই বিজয় সরকারের প্রথম সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। তামিল অভিনেতা-পরিচালকদের অনেকেই স্বাগত জানিয়েছেন বিজয়ের এই পদক্ষেপকে। এবার ২১ বছরের নিচে মদ্যপান রুখতে উদ্যোগ নিলেন থলপতি।

    প্রসঙ্গত, বৃহস্পতিবারই তামিলনাড়ুর সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেন বিজয়। বর্তমানে তামিলভূমের সরকারি কর্মীরা ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা পান। এবার সেটা বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। কেবল ডিএ বৃদ্ধি নয়, মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকার ভাতার মে মাসের কিস্তি দ্রুত পৌঁছে যাবে বলেও আশ্বাস দিয়েছেন বিজয়। সবমিলিয়ে, মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক জনস্বার্থমূলক পদক্ষেপ করছেন বিজয়। ফলে শুধু তামিলনাড়ু নয়, দেশজুড়েই বাড়ছে বিজয়ের জনপ্রিয়তা।
  • Link to this news (প্রতিদিন)