নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিকেট মাঠে হামেশাই শোনা যায়, ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। বুধবার তা হাতেনাতে টের পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাট কোহলির ক্যাচ ফেলাটাই টার্নিং পয়েন্ট। ষষ্ঠ ওভারে কার্তিক ত্যাগীর বলে ভিকের (২১ রানের মাথায়) ক্যাচ রভম্যান পাওয়েলের হাত ছুঁয়ে বেরিয়ে যায়। জীবন ফিরে পাওয়ার পর ৬০ বলে অপরাজিত ১০৫ রান করে দলকে জেতান কোহলিই। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, কেন তাঁকে চেজমাস্টার বলা হয়। ম্যাচ শেষে বিরাট বলেন, ‘এখন আর রেকর্ড নিয়ে ভাবি না। ব্যাট করতে ভালোবাসি। একশো শতাংশ দেওয়ার চেষ্টা করছি।’
এদিকে, পর পর চারটি ম্যাচ জিতে কেকেআর প্লে-অফের যে আশা জাগিয়ে তুলেছিল। বেঙ্গালুরুর কাছে হেরে তা ধাক্কা খেল। ১১ ম্যাচে শাহরুখ খানের দলের সংগ্রহ ৯ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ জিতলে দাঁড়াবে ১৫। তাতে প্লে-অফের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের উপর। তবে কোচ অভিষেক নায়ারের সাফ কথা, এখন প্লে-অফ নিয়ে ভেবে লাভ নেই। বাকি তিনটি ম্যাচ জেতার উপরই ফোকাস করতে হবে। অর্থাৎ প্লে-অফে অঙ্ক মাথা থেকে ঝেড়ে ফেলার বার্তা দিয়েছেন তিনি। এই আবহে শনিবার ইডেনে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে রাহানে ব্রিগেড। গিলরা অবশ্য দুরন্ত ফর্মে। টানা পাঁচটা ম্যাচ জিতেছেন তাঁরা। ঝুলিতে ১৬ পয়েন্ট। কেকেআরকে হারাতে পারলেই প্লে-অফের টিকিট পাকা। এই অঙ্ক নিয়েই নামবে গুজরাত। ঘরের মাঠে তাই চাপে থাকবে নাইট ব্রিগেড।