• বিপুল অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ, জাহাঙ্গিরের সম্পত্তি নিয়ে থানায় নালিশ
    এই সময় | ১৫ মে ২০২৬
  • এই সময়, ফলতা: তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে বেআইনি উপায়ে বিপুল সম্পত্তি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ তুলে ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিধান পাড়ুই। একই সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং ইডির কাছেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।

    অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থাকার সময় জাহাঙ্গির ও তাঁর পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তি বৃদ্ধি ঘটেছে, যা তাঁর বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বেলসিঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাহাঙ্গির। বর্তমানে তিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন।

    বিধানের অভিযোগ, অল্প সময়ের মধ্যেই জাহাঙ্গির খান ও তাঁর পরিবারের সদস্যরা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। এর নেপথ্যে আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের সম্ভাবনা রয়েছে বলেও দাবি তাঁর। একই অভিযোগ ২০২২ সালেও দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের কাছে জমা পড়েছিল।

    অভিযোগের ভিত্তিতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ হয়নি বলে দাবি অভিযোগকারীর। পরে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের করা হয়। জাহাঙ্গির বলেন, ‘ওরা আগেই বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত এই মামলা খারিজ করে দিয়েছে।’

  • Link to this news (এই সময়)