• নন্দীগ্রাম ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পদত্যাগপত্র জমা দিলেন নতুন স্পিকারের কাছে
    এই সময় | ১৫ মে ২০২৬
  • ভবানীপুর রাখলেন। ছেড়ে দিলেন নন্দীগ্রাম। শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র দিলেন নতুন স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে।

    নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জোড়া কেন্দ্রে কোনও প্রার্থী জিতলে, ফল ঘোষণার ১৪ দিনের মধ্যে যে কোনও একটি আসন তাঁকে ছাড়তে হবে। সেই সময়ের মধ্যেই নন্দীগ্রাম আসনটি ছাড়লেন শুভেন্দু। গত বিধানসভা ভোটে শুভেন্দুর মতো জো়ডা আসনে প্রার্থী হয়ে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবীর। তিনিও মুর্শিদাবাদের নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেছেন শুক্রবার। হুমায়ুন জানিয়েছেন, রেজিনগরে উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করবেন তিনি। কিন্তু বিজেপির তরফে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে এখনও সেই রকম কোনও ঘোষণা হয়নি।

    গত বুধবার বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসাবেই শপথবাক্য পাঠ করেছিলেন শুভেন্দু। শপথ গ্রহণের পরে তিনি বলেন, ‘দু’জায়গায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারি না। ভবানীপুর থেকে শপথ নিলাম। আইন অনুযায়ী, নন্দীগ্রাম আসন ছাড়তে হবে।’ তবে সে দিনই তাঁর আশ্বাস ছিল, ‘নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেব না, তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন।’

    প্রসঙ্গত, বুধবার শপথের পরে রোড শো করে ভবানীপুরের মানুষকে তাঁকে জেতানোর দন্য কৃতজ্ঞতাও জানান মুখ্যমন্ত্রী। বিকেলে চেতলা লকগেট থেকে রোড-শো করে ক্যামাক স্ট্রিট পর্যন্ত যান। রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। বাড়ির ছাদে, ব্যালকনিতেও মানুষ অপেক্ষা করছিলেন। যাত্রাপথে একাধিক বার তাঁর দিকে ফুল ছোড়ে জনতা। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে গোলাপের পাপড়ি ছুড়ে প্রত্যুত্তর দেন।

  • Link to this news (এই সময়)