শুভেন্দুর নজিরবিহীন উদ্যোগ, জুনেই চালু 'জনতার দরবার'
আজকাল | ১৫ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বাংলার বিজেপি সরকার হবে 'আম জনতার'। কুর্সিতে বসেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যবাসীর অভাব অভিযোগ সরাসরি শুনতে এ রাজ্যেও চালু হতে চলেছে 'জনতার দরবার'।
নবান্ন সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই উদ্যোগ চালু হতে চলেছে। জানা গিয়েছে, সপ্তাহে অন্তত দু'বার আম জনতার মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা।
'জনতার দরবার'-এর মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সরাসরি প্রশাসনের পদক্ষেপের কথাও জানতে পারবেন মুখ্যমন্ত্রী। গুরুত্ব দিয়ে সবকিছু বিবেচনা করতে পারবেন শুভেন্দু অধিকারী। ফলে সরকারের কাজে আস্থা বাড়বে রাজ্যবাসীর। দ্রুত সমস্যা সমাধানের জন্য এই মডেল কার্যকর বলেই দাবি করা হয়।
বিজেপি শাসিত অন্যন্য রাজ্যে এ ধরনের উদ্যোগ চালু রয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার' বেশ জনপ্রিয়। ওড়িশায় এই উদ্যোগের নাম 'জনশুনানি।' এইসব রাজ্যের অনুকরণেই এবার বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চালু হতে চলেছে 'জনতার দরবার।'
১ জুন থেকে সমস্ত পরিকাঠামো সম্পূর্ণ হলে রাজ্যবাসী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা জানাতে পারবেন।