• বিনীত-সহ ৩ সাসপেন্ড, কী বলছেন অনিকেত-আসফাকুল্লা?
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর আগস্ট। উত্তাল হয়েছিল কলকাতা, জেলা, ভিন রাজ্য, ভিন দেশও। উত্তাল হয়েছিল আরজি কর কাণ্ড নিয়ে। হাজার হাজার মানুষ, দল-মত নির্বিশেষে রাস্তায় নেমেছিল রাত-দিন ভুলে। দাবি ছিল অভয়ার বিচারের। দাবি ছিল, কলকাতা পুলিশের তৎকালীন সিপি বিনীত গোয়েলের  পদত্যাগের। প্রবল চাপের মুখে পড়ে বিনীতকে সিপি'র পদ থেকে সরিয়েছিল। বহাল করেছিল অন্যপদে। কিন্তু বিক্ষোভকারীরা ক্রমাগত পদত্যাগের দাবি করেছিল বিনীত গোয়েলের। হয়নি।

    হল নয়া সরকারের জমানায়। বিজেপি সরকারে আসার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করল সরকার। 

    এই সিদ্ধান্ত শুনে কী প্রতিক্রিয়া আন্দোলনের সামনে থাকা অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়ার? আজকাল ডট ইন-কে অনিকেত জানান-'নিঃসন্দেহে এই সিদ্ধান্তকে স্বাগত। আমরা এই আন্দোলনে ছিলাম। আছি। ২১ মাস পরে যে তথ্য পাচ্ছি, সেই নির্দেশকে স্বাগতম। .৯ই আগস্টের ঘটনায় আমরা শুরুর দিন থেকে জুনিয়র চিকিৎসক থেকে সংবাদমাধ্যম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রশ্ন ছিল, কেন এই নৃশংস ঘটনা ঘটল? আমরা শুরু থেকে জড়িত সকলের শাস্তি চেয়েছি। পেয়েছে কেবল সঞ্জয় রায়। তাহলে বাকিরা এখনও কোথায়? এর সুনির্দিষ্ট তদন্ত হোক, সুনির্দিষ্টভাবে ৯ আগস্টের ঘটে যাওয়া ঘটনার সমগ্র সত্যতা জানতে চাই। সেই সময় সাক্ষ্য প্রমাণ লোপাট কী কী হয়েছিল? কীভাবে হয়েছিল? কেন তাদেরকে এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া গেল না? সিবিআই বারবার জানিয়েছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তাতাদের তদন্তের আওতায় আনা হোক সকলকে। মানুষ বহু প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে নিয়ে এসেছে। আশা করি নতুন সরকার সেই প্রত্যাশাকে এবং জনগণের ইচ্ছাকে মান্যতা দেবে। 

    আসফাকুল্লা বারেবারে অভিযোগ করেছেন, আন্দোলনে পথে নেমে, ব্যক্তিজীবনেও বারেবারে নানা বাধার মুখোমুখি হয়েছেন। এই নির্দেশ শুনে কী বলছেন তিনি? আজকাল ডট ইন-কে জানান, 'এটা একটা প্রথম পদক্ষেপ বলতে পারেন, অনেকগুলো পদক্ষেপের এটা একটা পদক্ষেপ। বিশেষ করে পুলিশ যে কোনও সরকারের লাঠি হয়ে থাকে। তবে শুধুমাত্র সাসপেন্ড করে দিয়েই বিচার এসেছে, বিষয়টা তেমন নয়। সাসপেন্ড করার পরে আরও তথ্য প্রমাণ যোগাড় করা প্রয়োজন। কে বা কারা ঘটিয়েছিল এই ঘটনা এবং কাজের নির্দেশে কোন প্রভাবশালীদের থেকে নির্দেশ এসেছিল, কারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সমানে আসতে হবে সবটা। অভিষেক গুপ্তা থেকে শুরু করে ইন্দ্রানী মুখার্জী ভুলভাবে মানুষকে বুঝিয়েছিলেন। অভিষেক গুপ্তা পয়সা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। ইন্দ্রানী মুখার্জি একটা ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। কে বা কারা এর পিছনে জড়িত? সবটা স্পষ্ট হতে হবে।' 

    আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারকে কোনও বার্তা দেবেন অনিকেত-আসফাকুল্লা?উনিকেত বলছেন, 'নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা।  আমাদের দাবি, আন্দোলনকারীরা যে দাবিগুলো তুলেছিল সেগুলো যাতে মান্যতা পায়। প্রত্যাশা থাকবে, এই সরকার রোগী পরিষেবা থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবির মান্যতা দেবে। পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে যাতে এবং অভয়া ন্যায় বিচার পায়।' আসফাকুল্লা বলছেন, 'সরকার পক্ষের সঙ্গে তো কোনওরকম যোগাযোগের কোনও প্রশ্ন উঠছে না। সরকার পক্ষ কাজ করছে, তদন্ত হচ্ছে এটাতে আমরা খুশি। যেটুকু আমাদের চাওয়া ছিল তদন্ত হোক। ' 

     
  • Link to this news (আজকাল)