• শিক্ষিকার প্রতি ‘বিশেষ অনুভূতি’ ছাত্রের
    আজকাল | ১৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ছাত্রের হাতে মাসের পর মাস হেনস্থা ও স্টকিংয়ের শিকার দক্ষিণ-পূর্ব কলকাতার এক স্কুল শিক্ষিকা। সম্প্রতি করেয়া এলাকার ওই বাসিন্দা লালবাজার সাইবার সেলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি, যে ২০১৩ সালে ওই শিক্ষিকার কাছে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করত।

    ঘটনার সূত্রপাত প্রায় মাস ছয়েক আগে। অভিযোগকারিণী জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি সময়ে তিনি ভেবেছিলেন ছাত্রটি হয়তো এখন পরিণত হয়েছে, তাই অনিচ্ছাসত্ত্বেও তাকে সোশ্যাল মিডিয়ায় আনব্লক করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় কৃষ্ণেন্দুর আপত্তিকর আচরণ। শিক্ষিকা তাকে ফের  ব্লক করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ইনস্ট্রাগ্রাম থেকে লিঙ্কডইন— বিভিন্ন প্ল্যাটফর্মে একের পর এক ফেক অ্যাকাউন্ট খুলে ওই শিক্ষিকাকে কুরুচিকর মেসেজ পাঠাতে শুরু করে সে। শুধু তাই নয়, কৃষ্ণেন্দু হুমকি দেয় যে তাকে আনব্লক না করলে সে আত্মহত্যা করবে।

    হয়রানি কেবল শিক্ষিকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; তার বন্ধু-বান্ধব, সহকর্মী এমনকি পরিবারের সদস্যদের কাছেও অভিযুক্ত যুবক নোংরা মেসেজ পাঠাতে শুরু করে। দীর্ঘ মানসিক যন্ত্রণার পর গত ২৬ মে শিক্ষিকা প্রথমবার কেন্দ্রীয় সাইবার পোর্টালে অভিযোগ জানান। কিন্তু তাতেও দমানো যায়নি কৃষ্ণেন্দুকে। শেষ পর্যন্ত গত শনিবার কলকাতা পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ এখন অভিযুক্তের আইপি অ্যাড্রেস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চালাচ্ছে। একজন ছাত্রের কাছ থেকে শিক্ষিকার এই চরম হেনস্থার খবরটি শহরজুড়ে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।
  • Link to this news (আজকাল)