আরজি কর-কাণ্ডে পুলিশকে কী বলেছিলেন CM মমতা? তদন্তের নির্দেশ শুভেন্দুর
আজ তক | ১৫ মে ২০২৬
১৮তম বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি নতুন করে ফাইল খোলার নির্দেশ দেন এবং ঘটনায় জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'নির্যাতিতার মাকে দুজন পুলিশ অফিসার টাকা দিতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আমরা সিবিআই তদন্তে যাচ্ছি না। টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল। ঘটনার সব পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখা হবে। কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।'
তিনি আরও অভিযোগ করেন, আরজি কর কাণ্ডে তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি ও বেআইনিভাবে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল।
একজন ডিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই পুলিশ আধিকারিকের সাংবাদিক সম্মেলনের আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ রাজ্যের পক্ষে অস্বস্তিকর ছিল। তাঁকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
এই ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।