অবৈধ নির্মাণে কড়া কলকাতা পুরসভা, বিল্ডিং বিভাগে প্রতি সপ্তাহে রিভিউ মিটিং
আজ তক | ১৫ মে ২০২৬
কলকাতায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান নিচ্ছে পুরসভা। জরিমানা দিয়ে বেআইনি নির্মাণকে নিয়মে আনার (রেগুলারাইজেশন) প্রক্রিয়ায় রাশ টানতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতি সপ্তাহে অবৈধ নির্মাণ নিয়ে নিয়মিত রিভিউ বৈঠক করার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শহরের একাধিক বেআইনি নির্মাণের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা পর্যালোচনা করেই ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, আদালতের নির্দেশ মেনেই কয়েকটি অবৈধ নির্মাণ ভাঙার কাজও শুরু হয়েছে।
তিলজলায় অগ্নিকাণ্ডের পর থেকেই শহরে অবৈধ নির্মাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই এলাকার জি জে খান রোডে আগুন লাগা অবৈধ বহুতল ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে। পাশাপাশি পাশের আরও একটি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ১১১ নম্বর ওয়ার্ডের মিতালি সংঘের মাঠে তৈরি ক্লক টাওয়ারসহ একাধিক অবৈধ নির্মাণও ভাঙা হচ্ছে। নারকেলভাঙা এলাকাতেও একই ধরনের অভিযান শুরু হয়েছে।
পুরসভা জানিয়েছে, এতদিন বহু ক্ষেত্রে মোটা জরিমানা নিয়ে বেআইনি নির্মাণকে নিয়মে আনা হতো। তবে বর্তমান নীতিতে সেই প্রবণতায় কড়াকড়ি আনা হচ্ছে। পুর কমিশনার নির্দেশ দিয়েছেন, শহরের সব বেআইনি নির্মাণের বিস্তারিত তালিকা তৈরি করে নিয়মিত পর্যালোচনা করতে হবে। সেই অনুযায়ী প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে রিভিউ বৈঠক হবে, যেখানে কোন কোন নির্মাণের বিরুদ্ধে মামলা চলছে, আদালতের নির্দেশ কী এবং তা কতটা কার্যকর হয়েছে, সবই খতিয়ে দেখা হবে।