• গরমে হাসফাঁস দশা! কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা?
    প্রতিদিন | ১৫ মে ২০২৬
  • গরমের দাপটে হাসফাঁস দশা আমজনতার। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, কবে বর্ষা প্রবেশ করবে বঙ্গে? তা নিয়ে হাওয়া অফিস সুখবর শোনাতে পারেনি ঠিকই। তবে জানা যাচ্ছে, নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ফলে আশা করা যাচ্ছে, নির্ধারিত সময় অর্থাৎ জুনের মাঝামাঝি সময়েই বাংলাতেও প্রবেশ করবে বর্ষা।

    হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বর্ষা প্রবেশ করবে ভারতের দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবরে। পর্যটকদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১৬ মে। এবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সঠিক সময়েই বর্ষার আগমন হবে বলে খবর।

    জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। এক ধাক্কায় ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
  • Link to this news (প্রতিদিন)