নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রথম দফার মেট্রোর কাজ। রাত ৮টা থেকে শুরু হবে কাজ। ১৮ এপ্রিল, সোমবার সকাল ৮টা পর্যন্ত টানা কাজ চলবে। এই সময়ে ই এম বাইপাসের উপর উত্তর ও দক্ষিণমুখী উভয় ফ্ল্যাঙ্কে যান নিয়ন্ত্রণ শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ। উল্টোডাঙা, এয়ারপোর্টমুখী যানবাহনগুলিকে এনএক্স হোটেলের পাশের নবনির্মিত রাস্তা দিয়ে চিংড়িঘাটা ক্রসিংয়ে যেতে পারবে। বাকি কাজ হবে আরও এক দফায়। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। উল্লেখ্য, দু’টি দফাতেই সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন যাওয়ার জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, দু’দফায় মেট্রো ব্রিজের বাকি কাজ হবে। কলকাতা পুলিশ মেট্রো কর্তৃপক্ষকে যান নিয়ন্ত্রণের জন্য সমস্ত সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছে।