পুরশুড়ায় পদ্মের বুথ এজেন্টের উপর হামলা, বাড়ি ভাঙচুর
বর্তমান | ১৫ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমা এলাকায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এবার পুরশুড়ায় বিজেপির বুথ এজেন্টকে ছুরি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জ্যোতির্ময় বেরাকে পুরশুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ শ্যামপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুরেশ ঘোড়ুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃতের সঙ্গে আর কারা ছিল তাদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুরশুড়ার নব নির্বাচিত বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, হিংসা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। যে বা যারা মানুষের উপর অত্যাচার করবে বা এলাকায় অশান্তি ছড়াবে, রং না দেখে পুলিশকে আইনি ব্যবস্থা নিতে বলে হয়েছে। প্রশাসন সেভাবেই কাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরশুড়ার পারভুরশুট এলাকায় বিজেপির বুথ এজেন্ট রাজেশ কারককে চুরি মারার অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীর পেটের একাংশে ছুরির মারা হয় বলে অভিযোগ। তাঁকে পুরশুড়ার শ্রীরামপুরে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। পরে রাতে জখম ওই যুবক পুরশুড়ায় থানায় লিখিত অভিযোগ জানান। রাজেশবাবু বলেন, বুধবার দুপুরে দামোদরের পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সেইসময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে ছুরি নিয়ে আমার উপর হামলা করে। বিজেপির বুথ এজেন্ট হওয়ার জন্য আর উপর এই হামাল চালানো হয়েছে। পুরশুড়া ব্লক তৃণমূলের সভাপতি তপন সামুই বলেন, ঘটনাটি আমার জানা নেই। অন্যদিকে, ওই রাতে পুরশুড়ার ন্যাওটা এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনায় শ্যামপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুরেশ ঘোড়ুইকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু হয়েছে।