• ডবল ইঞ্জিন সরকার, বাগনান-আমতা রেলপথ নিয়ে আশায় বুক বাঁধছে মানুষ
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আশির দশকের গোড়ায় তৎকালীন রেলমন্ত্রী গনিখান চৌধুরী বাগনান আমতা রেল চালু করার প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী সময়ে ২০১০ সালের জানুয়ারি মাসে আমতায় প্রকল্পটির শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু টাকা বরাদ্দ হয় এবং কাজও কিছুটা এগয়। কিন্তু জমিজটের কারণে কাজটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে এই রেলপথ নির্মাণের কাজ থমকেই আছে। তবে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রকল্পটি নিয়ে আশায় বুক বাধছেন এখানকার বাসিন্দারা। 

    শিলান্যাসের পর বাগনান স্টেশন সংলগ্ন এলাকায় কিছুটা কাজ হয়েছিল। পাশাপাশি দামোদরে একটি সেতু তৈরির জন্য কয়েকটি স্তম্ভ ও তৈরি হয়। কিন্তু সেটাই শেষ। এরপরই থমকে যায় এই প্রকল্পের কাজ। সূত্রের খবর, জমি অধিগ্রহণ ছাড়াই বাগনান আমতা রেল প্রকল্পের শিলান্যাস হয়েছিল। ১৬ কিলোমিটার এই রেলপথের জন্য মোট ১৬৮ একর জমির প্রয়োজন ছিল। জমিদাতাদের চাকরির আশ্বাসও দেওয়া হযেছিল। কিন্তু তারপর নানা সমস্যার কারণে জমি অধিগ্রহণ নিয়ে আর এগয়নি প্রশাসন।

    এতে হতাশ ওই এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, রেলপথের জন্য জমি অধিগ্রহণ হলে সরকারি চাকরি পাওয়া যেত। এলাকার পরিবেশও উন্নত হতো। সাধারণ মানুষের বাগনান আমতা যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হতো। যদিও তাঁদের আশা, এখন দিল্লি ও রাজ্যে বিজেপি সরকার। সুতরাং এই রেলপথের কাজ ফের শুরু হতেও পারে। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, শুধু এই রেলপথ নয়। তৃণমূল সরকারের আমলে হাওড়া গ্রামীণ জেলায় যেসব প্রকল্প থমকে গিয়েছে, সেই সবগুলির বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবো। আমাদের আশা সব সমস্যার দ্রুত সমাধান হবে। 
  • Link to this news (বর্তমান)