• তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতে অভিযান পুলিশের, ফার্ম হাউসে সুইমিং পুল, বিদেশি পাখি
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের বাড়িতে অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার বিষ্ণুপুর থানা, ডায়মন্ডহারবার পুলিশ জেলার শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী মিলে বিধায়কের বাড়ি ও ফার্ম হাউসে (বাগানবাড়ি) হানা দেয়। তখন অবশ্য বাড়িতে ছিলেন না দিলীপবাবু। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বিজয় মিছিল সেরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উদ্দেশ্যে প্রকাশ্যে নানারকম ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল বলে খবর। তার প্রেক্ষিতেই এদিন পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। পৈলানে বিত্তবান ব্যবসায়ী দিলীপবাবুর বাগানবাড়ি দেখে ‘থ’ পুলিশ কর্তারা। ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে পুকুর, প্রাসাদের মতো বাড়ি প্রভৃতি রয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল প্রায় সাড়ে নটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে দিলীপবাবুর নিবাস ও বাগানবাড়ি। তিনি না থাকলেও বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। সারাদিন ধরে চলে এই কর্মসূচি। তবে কোনো কিছু পাওয়া যায়নি বলেই খবর। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সকাল ৯টা ৫ মিনিট নাগাদ পিছনের নির্মীয়মান একটি অংশের জানলা টপকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান দিলীপবাবু। 

    পুলিশ বলছে, দিলীপবাবুর বাগানবাড়ি যে কোনো বিলাসবহুল রিসোর্টকে টেক্কা দিতে পারে। সবুজ গালিচার মতো লন, বসানো রয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর প্রতিকৃতি। পুকুর, ফোয়ারা। গুহার মতো প্রবেশদ্বার দিয়ে ঢুকে একটি ঘরও রয়েছে। দোলনা, সাজানো বাগানের পাশাপাশি বিদেশি পাখি ও পোষ্য সারমেয়ও রয়েছে এখানে। তবে এদিনের অভিযান ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। অনেকেই মনে করছেন, বিজেপির বিরুদ্ধে হুংকার দেওয়ার জন্যই বিধায়ককে চাপে রাখতে পাল্টা পুলিশকে পাঠানো হয়েছিল। সারাদিনেও পাওয়া যায়নি বিধায়ককেও। এ দিন পুলিশের এই অভিযান নিয়ে দিলীপবাবুর ছেলে অভীক মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ সারা বাড়ি তল্লাশি চালিয়েছে। কেন পুলিশ এল তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে, পরিবার সূত্রে খবর, ওই বাগানবাড়ি দিলীপবাবুর একার নয়। বছরের পর বছর ধরে স্বচ্ছল বলে পরিচিত মণ্ডল পরিবারের সম্পত্তি। তাতে অংশীদার দিলীপবাবুও।
  • Link to this news (বর্তমান)