• পুরসভার পাশে থাকার বার্তা বিজেপি বিধায়কের
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাজ্যে সরকার পরিবর্তনের পর বহু পুরসভায় নাগরিক পরিষেবা শিকেয় উঠেছে। আসছেন না চেয়ারম্যান থেকে কাউন্সিলাররা। সে কথা মাথায় রেখে উত্তর শহরতলির বিভিন্ন পুরসভা সচল রাখতে তৎপর হয়েছেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার নিউ বারাকপুর ও উত্তর দমদম পুরসভায় যান স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তিনি দুই পুরসভার চেয়ারম্যান, সিআইসি ও কাউন্সিলার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পুরসভা পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন। তবে সিন্ডিকেট, তোলাবাজি করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এদিন দুপুরে সৌরভবাবু প্রথমে নিউ বারাকপুর ও বিকেলে উত্তর দমদম পুরসভায় যান। দুই পুরসভার কনফারেন্স হলে বৈঠক করেন। চেয়ারম্যানের থেকে সমস্যার বিষয় জানতে চান। সাধারণ মানুষের থেকে পাওয়া কিছু অভিযোগও পুর কর্তৃপক্ষের নজরে আনেন। অবিলম্বে জঞ্জাল নিষ্কাশন, রাস্তা সংস্কার, এলাকায় জল জমা রুখতে পদক্ষেপ গ্রহণের কথা বলেন। উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাস অভিযোগ করেন, বিশরপাড়া স্টেশনের কাছে ফতেসা খাল সংস্কারের জন্য রেল এনওসি দিচ্ছে না। বৈঠকের মাঝে রেলের ডিআরএমকে ফোন করে সমস্যা সমাধানের দাবি জানান বিধায়ক। তিনি বলেন, ‘মানুষের উন্নয়নের কাজে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে সেই বার্তা দিয়েছি।’ নিউ বারাকপুর পুরসভায় বৈঠক শেষ করে চেয়ারম্যান প্রবীর সাহার সঙ্গে পুরসভার হাসপাতাল পরিদর্শন করেন। ৯ নম্বর ওয়ার্ডের মেঘদূত সঙ্ঘ পাড়ার বাসিন্দারা বিধায়ককে কাছে পেয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
  • Link to this news (বর্তমান)