বেআইনি পার্কিংয়ে কড়া নজর রাজ্যের! ‘তোলাবাজি’ রুখতে তৎপর লালবাজার, ১০ ঘণ্টায় ১ হাজার ৫২৬ মামলা
বর্তমান | ১৫ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেলমেট নিয়ে রাজ্য সরকারের কড়া নির্দেশের পর এবার বেআইনি পার্কিংয়ে নজর। শহরের সমস্ত বেআইনি পার্কিং উৎখাত করার নির্দেশ দিল রাজ্য সরকার। লালবাজার সূত্রে খবর, সরকারের তরফে বলা হয়েছে শহরের কোনো রাস্তা দখল করে বেআইনি পার্কিং চলবে না। নির্দেশ পাওয়ার পর শহরের সব ট্রাফিক গার্ডকে বেআইনি পার্কিং রুখতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে লালবাজার। বুধবার এনিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশি তৎপরতা নজরে এল শহরজুড়ে। এদিন ভোর ছ’টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শহরে মোট ১ হাজার ৫২৬টি গাড়ি-বাইকের বিরুদ্ধে মামলা রুজু করেছে লালবাজার। কলকাতা পুলিশ জানিয়েছে, প্রতিটি ট্রাফিক গার্ডের সার্জেন্টদের বেআইনি পার্কিং রুখতে এলাকায় প্রতি ঘণ্টায় টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও বেআইনি পার্কিং দেখলে গাড়ি মালিকের বিরুদ্ধের আইনানুগ পদক্ষেপ নিতে হবে। সেই মোতাবেক এদিন সকাল থেকে শুরু হয় স্পেশাল ড্রাইভ। তাতে বেআইনি পার্কিংয়ের হটস্পট হিসাবে চিহ্নিত সাউথ ট্রাফিক গার্ড এলাকা। মামলার সংখ্যার নিরিখে সবচেয়ে উপরে রয়েছে এক্সাইড, শেক্সপিয়ার সরণি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, পার্ক স্ট্রিট চত্বর। ১০ ঘণ্টার স্পেশাল ড্রাইভে নিয়মভঙ্গের আওতায় পড়েছে ২০৭টি মোটরযান। যার মধ্যে বেশি গাড়ি। বাইকের সংখ্যাও নেহাত কম নয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড এলাকা মূলত ব্যবসায়িক এলাকা। স্ট্র্যান্ড রোড, পোস্তা এলাকার বেশিরভাগ অংশে বেআইনি পার্কিংয়ে পথ চলা দায় হয় মানুষের। এই অঞ্চল এমনিতে ঘিঞ্জি। তার উপর বেআইনি পার্কিংয়ের জেরে সাধারণ পথচারীদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যদিন। সেখানকার পরিস্থিতি নিয়ে নিত্যযাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড এলাকাজুড়ে এদিনের স্পেশাল ড্রাইভে মোট ১৪৯টি মামলা রুজু হয়েছে। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও হটস্পট তালিকায় রয়েছে ভবানীপুর ট্রাফিক গার্ড ও শিয়ালদহ ট্রাফিক গার্ড এলাকা। এই দুই এলাকায় ১০ ঘণ্টায় মোট জরিমানার সংখ্যা ১২৭ ও ১১৯। শুধু তাই নয়, শহরের বহু জায়গায় বেআইনি পার্কিং জোন চলে। সেখান থেকে টাউট মারফত তোলাবাজি চলে। সেই এলাকাগুলিতে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সেই সমস্ত পার্কিং যারা চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার জন্য স্থানীয় থানাগুলিকে নির্দেশ দিয়েছেন সিপি। পাশাপাশি, রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট, লর্ড সিনহা রোড সহ শহরের বিভিন্ন জায়গা পুরসভার নির্ধারিত বৈধ পার্কিং ফি-র তুলনায় প্রায় ডবল কিংবা অনেক জায়গায় ডবলেরও বেশি টাকা নেওয়া হয়। সেই সমস্ত এলাকার একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেখানেও শীঘ্রই স্পেশাল ড্রাইভ চালানো হবে।