• আন্তর্জাতিক আলোক দিবস বিআইটিএমে ৩ দিনের উত্সব
    বর্তমান | ১৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলোর শিকড় কোথায়? আলোর উত্পত্তি কোথা থেকে? যাকে ছাড়া জীবন অন্ধকার সে আলো সম্পর্কে কতটা কি জানে সাধারণ মানুষ। এবার আলোর উত্স সন্ধানের গল্প শোনাবে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম)। প্রতিবছরই ইউনেস্কো আন্তর্জাতিক আলোক দিবস পালন করে। এবার ১৫ থেকে ১৭ মে এই বিশেষ দিবস উদযাপনে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। তারই হাত ধরে কলকাতায় উঠে আসবে আলোর গল্প। তিনদিনের আলো উত্সবে মহাকাশ পর্যবেক্ষণ থেকে আধুনিক জীবনে আলোর ভূমিকা দেখানো হবে। পাঠ্যবইয়ের বাইরে গিয়ে পদার্থ বিজ্ঞানের কঠিন ফর্মূলাও হাতেকলমে দেখানো হবে এই বিশেষ ‘সায়েন্স শো’তে। সেখানে আলোর গতিপথ, রঙের মিশ্রণ সহ বিভিন্ন বিষয়গুলি পড়ুয়ারা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবে। লেজার আলোর শক্তিতে কীভাবে আস্ত বেলুন ফাটিয়ে দেওয়া যায়, দেখানো হবে সেসবও। বিআইটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে ‘সূর্যের দাগ’। তারপর সন্ধ্যায় পরিষ্কার আকাশ থাকলে দেখানো হবে শুক্র ও বৃহস্পতি গ্রহ। বিআইটিএমের অধিকর্তা অর্ণব চট্টোপাধ্যায় বলেন, ‘বিজ্ঞানকে আসলে অনুভব করতে হয়। আন্তর্জাতিক আলোক দিবসে আমরা সকল পরিবারকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছি। যার মাধ্যমে পরিবারের সকলে একসঙ্গে শিখবে, জানবে ও একে অপরের সঙ্গে মত বিনিময় করতে পারবে।’ এই তিনদিনের আলোক উত্সবের জন্য বিআইটিএম বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। অর্থাৎ শুধুমাত্র নিত্যদিনের দেখা আলো নয়, সেই আলোর শক্তি, তার উৎস সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা উঠে আসবে তিনদিনের উত্সবে। আলো চিনতে বিআইটিএমে যেতে পারেন আগ্রহী অনুসন্ধানীরা।
  • Link to this news (বর্তমান)