• রসায়নের অধ্যাপক, কাজ করেছেন NTA-তে, গ্রেপ্তার NEET-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম মূলচক্রী
    এই সময় | ১৬ মে ২০২৬
  • নিট পরীক্ষার (NEET Exam) প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেপ্তার পিভি কুলকার্নি নামে এক রসায়ন অধ্যাপক। মহারাষ্ট্রের লাতুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, তিনিই এই প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূলচক্রী।

    সিবিআই সূত্রে খবর, পিভি কুলকার্নি অতীতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সঙ্গে কাজ করেছিলেন। সেই সূত্রেই পরীক্ষার গোপন তথ্য ও প্রশ্নপত্রের অ্যাক্সেস তাঁর কাছে ছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। অভিযোগ, পুনে থেকে প্রশ্নপত্র ফাঁসের গোটা নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

    এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে সিবিআই। মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানা-সহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, বিপুল অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে আগাম প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হতো।

    প্রসঙ্গত, গত ৩ মে অনুষ্ঠিত NEET-UG ২০২৬ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। এর পরেই কেন্দ্রীয় সরকার গোটা ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। সিবিআই জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করতে একটি বড় চক্র সক্রিয় ছিল। সেই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)