• পাখির চোখ পুরভোট, শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা
    আজকাল | ১৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। প্রথমবার পশ্চিমবঙ্গে নিজেদের সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে এখানেই নিজেদের কাজ শেষ করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার তাদের প্রধান টার্গেট পুরসভা ভোট। সেইমতো দলের কর্মীদের জন্য বিশেষ টোটকা দিতেই বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। 

    বৈঠক শেষে স্থির করা হয় আগামী তিন মাসে কোনও যোগদান নয় বঙ্গ বিজেপিতে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে কাউকে নেওয়া হবে না। টোটো, অটো ইউনিয়নগুলি তোলাবাজি করতে পারবে না। বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিয়েছেন সুনীল বনসল ও শমীক ভট্টাচার্য। পাশাপাশি প্রতিটি জেলায় শৃঙ্খলা রক্ষা করার জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে বলেও খবর মিলেছে।

     নির্বাচনের ফলাফলের পর জেলায় জেলায় অশান্তির খবর সামনে আসছে, যারা এই ধরনের অশান্তি করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি ঘোষণা করলেন সুনীল বনসল। এবিষয়ে যদি নালিশ আসে তাহলে অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব।

    শুক্রবারের এই বৈঠকে ছিলেন সুনীল বনসল, শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি, সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী সহ বঙ্গ বিজেপি কোর কমিটি সদস্যরা। প্রত্যেকটি জেলার জেলা সভাপতি, জেলা ইনচার্জও ছিলে এই বৈঠকে। রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বলে যেন কোনওরকম গা ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। রাজ্যে সংগঠন মজবুত করার লক্ষ্যে আরও জোর দিতে হবে। সামনেই পুরসভা নির্বাচন রয়েছে। তাই বুথ লেভেলকে আরও মজবুত করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। শমীক ভট্টাচাৰ্য দিল্লি গিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় বিজেপির কোর কমিটি নেতৃত্বদের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। এদিনের বৈঠকে সেই শাহী বার্তাই পৌঁছে দেয় বিজেপির রাজ্য নেতৃত্ব। 
  • Link to this news (আজকাল)