‘কোটি কোটি জমা রয়েছে’, কাদের বিরুদ্ধে অভিযোগ সজলের?
আজকাল | ১৬ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বড় অভিযোগ করলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। একটি ফেসবুক পোস্টে সুরেন্দ্রনাথ কলেজের কয়েকজনের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাতের অভিযোগ তুললেন তিনি। তাঁর অভিযোগের স্বপক্ষে একটি ব্যাঙ্কের পাসবুকের ছবিও পোস্ট করেছেন। সজলের অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি আবেদন করেছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার।
ফেসবুক পোস্টে সজল লিখেছেন, “সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের শুধু ফাংশনের নামে কোটি কোটি টাকা জমা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার আবেদন, অনতিবিলম্বে এই দুর্নীতির তদন্ত হোক, এবং আমরা সবাই জানি এই দুর্নীতির মাথা কারা, প্রমাণ-সহ তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক।
প্রসঙ্গত, বরানগর বিধানসভার বিধায়ক হলেও, সজল চৌরঙ্গি বিধানসভার বাসিন্দা। সন্তোষ মিত্র স্কোয়্যারের দূর্গাপুজোর প্রধান উদ্যোক্তা তিনি। এই বিধানসভায় জয় পেয়েছেন তৃণমূলের নয়না ব্যানার্জি। সেই চৌরঙ্গি বিধানসভাতেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। এবার কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন সজল। কলেজের ছাত্র সংসদের ক্ষমতা গত কয়েক বছর ধরে তৃণমূল ছাত্র পরিষদের হাতেই রয়েছে।
ফেসবুকে যে পাসবুকের ছবি পোস্ট করেছেন সজল সেটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। সেটির যৌথ অ্যাকাউন্ট হোল্ডার। কলেজের অনুষ্ঠান ‘লক্ষ্য সুরেন্দ্রনাথ কলেজের নামে অ্যাকাউন্টি খোলা হয়েছে ২০১২ সালের ২ নভেম্বর। সজলের পোস্ট থেকে জানা গিয়েছে, অ্যাকাউন্টটিতে বর্তমানে ১৫ লক্ষ ৭২ হাজার ৯০৯ টাকা রয়েছে এবং ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট রয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা। মোট টাকার পরিমাণ ১ কোটি ৫৩ লক্ষ ১২ হাজার ৯০৯ টাকা। সজলের অভিযোগ করেছেন যে, শুধু মাত্র কলেজ ফাংশনের নামে এই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রয়েছে।