• 'মমতা জেলে গেলেই স্বস্তি পাব', RG Kar ফাইল খুলতেই বললেন নির্যাতিতার মা
    আজ তক | ১৬ মে ২০২৬
  • আরজি কর কাণ্ডে সাসপেন্ড ৩ আইপিএস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করছেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মন্তব্য, সবে তো শুরু। এবার মাথাও ধরা পড়বে।

    এদিন তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন আরজি কর ফাইল খোলার কথা ঘোষণা করেন। তারপরই ৩ হেভিওয়েট আইপিএসকে সাসপেন্ড করা হয়।

    মেয়ের বিচার খানিকটা গতি পেতেই বিধায়ক রত্না দেবনাথ মমতার গ্রেফতারি চান। বলেন, "৩ জন IPS সাসপেন্ড হয়েছেন। সবে তো শুরু। সবে ফাইল খোলা হয়েছে। অনেক মাথা রয়েছে। সেমিনার রুমে সেদিন যেমন ছিল সোমনাথ, বীরুপাক্ষ, প্রসূণ চট্টোপাধ্যায়, দেবাশিষ সোম, এরা সব সন্দেহের তালিকায় রয়েছে। এছাড়াও, আমার মেয়ে যাদের সঙ্গে রাতে খাবার খেয়েছিল তারা এখনও সামনে আসেনি। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করে রেখেছেন। তাদের সামনে আনতে বলব।" 

    মমতাকে নিশানা করে তাঁর আরও দাবি, "নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় শেষ প্রমাণটুকুও রাখতে দেয়নি। আমরা ২ ঘণ্টা টালা থানা বসেছিলাম। যেকোনও মন্ত্রী মারা গেলেও এত পুলিশ থাকে না। স্বস্তি সেদিনই পাব যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এরা সব করেছিল। বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন মেয়ের দেহ দেখানোর জন্য, তখন একটি ফোনে তিনি ফোন করছিলেন। সেই ফোনটা ধরিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী কথা বলবেন। শ্মশানেও দেখেছি আমার মেয়ের দেহ ঢুকিয়ে দেওয়ার পর সঞ্জীব মুখোপাধ্যায়ের পিঠ চাপড়ে বলেছেন Well done boy. তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনিই এসব দুর্নীতি করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে তাই মানুষ তাঁকে সরিয়েছে। তবে সরেও পার পাবে না। এবার মাথাও ধরা পড়বে।" 

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সব ফাইল তুলে দেবেন বলেও জানান নির্যাতিতার মা তথা বিধায়ক রত্না দেবনাথ।
  • Link to this news (আজ তক)