মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা
দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৬
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, মেডিক্যাল কলেজগুলির প্রশাসনিক পরিস্থিতি এবং সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। কলকাতার আইপিজিএমইআর-এর অ্যাকাডেমিক বিল্ডিংয়ের অষ্টম তলায় আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর অধ্যাপক ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর স্বপন সারেন। এছাড়াও কলকাতা এবং জেলার একাধিক গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এমএসভিপি এবং সুপাররা এই বৈঠকে যোগ দেন।
তালিকায় রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের নাম। এছাড়াও এনআরএস মেডিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ কলকাতা, চিত্তরঞ্জন সেবা সদন, আইডি ও বিজি হাসপাতাল, ডাঃ বি সি রায় পিজিআইপিএস, ট্রপিক্যাল মেডিসিন স্কুল, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি এবং এম আর বাঙুর হাসপাতালের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে সরকারি হাসপাতালগুলিতে প্রশাসনিক পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় সামনে আসায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক করার উপর জোর দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বৈঠকে হাসপাতালগুলির পরিষেবা ব্যবস্থা, রোগী সুরক্ষা, প্রশাসনিক সমন্বয় এবং মেডিক্যাল শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হাসপাতালগুলির কাজের গতি ও পরিষেবার মান উন্নত করার বিষয়ে মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও জানা গিয়েছে।