• মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জনকে মুক্তি
    বর্তমান | ১৬ মে ২০২৬
  • ইম্ফল: মণিপুরে অপহৃত ২৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি কাংপোকপি জেলায় তিন খ্রিস্টান নেতাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর রাজ্যজুড়ে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সাধারণ মানুষদের অপহরণ করা শুরু করেছে। আটক করা হয়েছিল কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জনকে। তাঁদের গতকাল মুক্তি দেওয়া হয়। জানা গিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে নাগা সম্প্রদায়ের ১২ জন মহিলা রয়েছেন। তাঁদের মাখান গ্রামে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া সেনাপতি জেলায় কুকি সম্প্রদায়ের ১৪ জনকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত এক ব্যক্তি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বন্দিদের চোখ বেঁধে পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হত। তবে তাঁদের মারধর করা হয়নি।

    কুকি সংগঠনগুলির দাবি, কাংপোকপির টাফৌ কুকি গ্রামের ২৩ জনকে নাগা গোষ্ঠী আটক করে রেখেছে। অন্যদিকে, একটি নাগা যুব সংগঠন জানিয়েছে, গত ১৩ মে ১৮ জন নাগা নাগরিককে অপহরণের ঘটনার প্রতিবাদেই তাঁদের এই পদক্ষেপ।
  • Link to this news (বর্তমান)