জম্মু-কাশ্মীরে মাদক ও সন্ত্রাস রোধে কড়া বার্তা ডিজিপির
বর্তমান | ১৬ মে ২০২৬
ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গে পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ ও মাদক-সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারি। এমনটাই জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি নলীন প্রভাত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরজুড়ে চলছে নেশামুক্তি অভিযান। ২০২৩ সাল থেকে নিয়মিত কাজ করে চলেছে পুলিশ। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের মধ্যে প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যাটাচ করা হয়েছে সম্পত্তি। শুধুমাত্র ২০২৫ সালে মাদক বিরোধী অভিযানে নেমে ২৪০ জনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৬৬৭ কেজি মাদক।’ পুলিশ সূত্রে খবর, ৭২৪টি মাদক মামলায় প্রায় ৮০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিপি জানান, মাদক পাচারের ঘটনায় প্রায় ৯৭টি সম্পত্তি অ্যাটাচ করেছে পুলিশ। সব মিলিয়ে অ্যাটাচ হওয়া সম্পত্তির মূল্য ৪১ কোটি ৮৫ লক্ষ টাকা। এছাড়া ভূস্বর্গের কমপক্ষে ৫ হাজার ২৩৮টি ওষুধের দোকানেও তল্লাশি চলেছে বলে জানিয়েছেন ডিজিপি।