নয়াদিল্লি: শীর্ষ আদালতে বড়ো ধাক্কা খেলেন উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। গত ডিসেম্বরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করেছিল দিল্লি হাইকোর্ট। তাতে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এবার উচ্চ আদালতের রায় খারিজ করল শীর্ষ আদালত। মামলাটি পুনরায় বিবেচনার নির্দেশ দিয়ে হাইকোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।
ঘটনা ২০১৯ সালের। উন্নাওয়ে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। সিবিআইয়ের বিশেষ আদালতে যাবজ্জীবন কারাবাসের সাজা পান। মাস ছয় আগে সেই সাজায় স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু সাজা স্থগিতের সেই নির্দেশ শুক্রবার খারিজ করল শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ হাই কোর্টকে নির্দেশ দিয়েছে, সেঙ্গারের দোষী সাব্যস্ত হওয়া ও যাবজ্জীবন কারাবাসের সাজা চ্যালেঞ্জ করে দায়ের করা মূল আবেদন দু’মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গরমের ছুটির আগে অন্তত সাজার স্থগিতাদেশ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করতেই হবে। বেঞ্চ স্পষ্ট করেছে, তারা মামলার মূল বিষয়ে কোনো মত প্রকাশ করছে না। কিন্তু হাই কোর্টকে সব পক্ষের বক্তব্য, এমনকি নির্যাতিতার বক্তব্যও শুনে বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে।